ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যোগদানের পর থেকেই অবৈধ ড্রেজার, অনিয়ন্ত্রিত বালু উত্তোলন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। গত ২২ সেপ্টেম্বর এই উপজেলায় দায়িত্ব নেয়ার পর থেকে তাঁর পরিচালিত নিয়মিত ভ্রাম্যমাণ আদালত এলাকায় প্রশংসিত হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ড্রেজার পাইপ ও যন্ত্রপাতি ধ্বংসের পাশাপাশি একাধিক অপরাধীকে অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে অবৈধ ড্রেজার মালিক ও অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
উপজেলা ভূমি অফিস সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এ অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ওই একই দিনে পৃথক অভিযান চালিয়ে ৯ নম্বর ওয়ার্ড থেকে দুটি ড্রেজার এবং আড়াই থেকে তিন লাখ টাকা মূল্যের ৭০-৮০টি পাইপ জব্দ করার পর ধ্বংস করা হয়।
একই ধরনের অভিযান চালানো হয় বড়াইল, শিবপুর ও নাটঘর ইউনিয়নেও। বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে অনিয়ম করে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে অনুমতি ছাড়া জমির উপরিভাগ ভরাট ও অবৈধভাবে বালু সরবরাহের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা ছাড়াও প্রায় ৮০টি পাইপলাইন বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে অবৈধ মাটি কাটার খবর পেয়ে অভিযান চালানো হলে অপরাধীরা পালিয়ে যায়। তবে সেখান থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া নান্দুয়া এলাকায় বালুমহাল আইনে আরও একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ড্রেজার ও মাটি কাটা বন্ধে কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামেও সাঁড়াশি অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সে সময় একটি ড্রেজার মেশিন জব্দ করার পাশাপাশি প্রায় আড়াই লাখ টাকা মূল্যের অপর তিনটি ড্রেজার মেশিন পুরোপুরি ধ্বংস করা হয়।
কেবল বালু বা ড্রেজারই নয়, মাদক দূরীকরণ ও ভোক্তা অধিকার সুরক্ষায়ও সক্রিয় রয়েছেন এই কর্মকর্তা। বাঙ্গরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রয়োগ করে চার ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপজেলার বিভিন্ন হাটে নিয়মিত তদারকি চালানো হয়। এছাড়া নবীনগর পৌরসভার খাজানগর এলাকায় এক মাদকসেবনকারীকে ১০০ টাকা জরিমানার পাশাপাশি ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে নবীনগর থানা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন।
অভিযানের বিষয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা মুঠোফোনে জানান, অবৈধ ড্রেজার, মাদক এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, এ বিষয়ে কোনো আপস করা হবে না এবং এই অভিযান ভবিষ্যতেও চলবে।





























