ইরানের সম্ভাব্য হুমকির খবরের পর পূর্ব ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ রিফুয়েলিং বিমান সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তাদের সব সামরিক ঘাঁটি নিরাপদ রয়েছে। গত তিন মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিরাপত্তা ইস্যুতে সেখান থেকে মার্কিন বিমান সরানোর ঘটনা ঘটল।
বাণিজ্যিক ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, সোমবার পূর্ব ইংল্যান্ডের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে বোয়িং কেসি-১৩৫আর স্ট্র্যাটোট্যাংকার মডেলের অন্তত ১০টি রিফুয়েলিং বিমান অন্যত্র চলে গেছে। এর মধ্যে একটি বিমান জার্মানিতে, একটি স্কটল্যান্ডে এবং দুটি স্পেনে অবতরণ করে। তবে বাকি ছয়টি বিমানের গন্তব্য সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। একই দিনে মিলডেনহল থেকে অন্তত তিনটি অসপ্রে বহুমুখী বিমান উড্ডয়ন করে মাত্র ৪ মাইল দূরে অবস্থিত আরএএফ লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। স্থানীয় এক ব্যক্তির ধারণ করা এবং বার্তা সংস্থা রয়টার্স কর্তৃক যাচাইকৃত ভিডিওতে লেকেনহিথে দুটি অসপ্রে বিমান ট্যাক্সিং করতে দেখা গেছে।
এ বিষয়ে মার্কিন ইউরোপিয়ান কমান্ডের কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, পরিচালনগত সুরক্ষার স্বার্থে তারা কোনো নির্দিষ্ট ফোর্স প্রোটেকশন ব্যবস্থা নিয়ে মন্তব্য করবে না। তবে বিমান বাহিনী বিভিন্ন প্রশাসনিক ও পরিচালনগত কারণে প্রায়ই বিমান এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে থাকে। আর এ বিষয়ে ব্যবসার সময়ের বাইরে পাঠানো মন্তব্যের তাৎক্ষণিক জবাব দেয়নি মার্কিন হোয়াইট হাউজ এবং পেন্টাগন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের একজন মুখপাত্র বলেন, দেশের সামরিক ঘাঁটিগুলোর সুরক্ষা দেওয়া সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং পুলিশ ও মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যালোচনায় রাখা হয় এবং সরকার আকাশ প্রতিরক্ষা ও ড্রোনবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে ২ বিলিয়ন পাউন্ডের বেশি বিনিয়োগ করছে। দেশের ঘাঁটিগুলো নিরাপদ কি না জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, "হ্যাঁ।"
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পক্ষ থেকে আসা হুমকির কারণেই মার্কিন বিমানগুলো তড়িঘড়ি সরিয়ে নেওয়া হয়েছে। হুমকিটির সুনির্দিষ্ট ধরন নিয়ে মার্কিন কর্মকর্তারা আলোচনা করছেন বলে এতে উল্লেখ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে পত্রিকাটি আরও জানিয়েছে, ঘটনার পর ইউএস মিলিটারির পক্ষ থেকে আরএএফ মিলডেনহল এবং আরএএফ লেকেনহিথ ঘাঁটির নিরাপত্তা বাড়িয়ে 'এফপিসিওএন চার্লি' করা হয়েছে, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ প্রতিরক্ষামূলক হুমকি স্তর।
যদিও সুনির্দিষ্ট কোনো হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইরান, কিন্তু দেশটির ইসলামিক রিভল্যুশনারি গার্ডস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে মার্কিন বাহিনীর ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। অন্যদিকে, যুক্তরাজ্য কর্তৃপক্ষ মাসের পর মাস ধরে সতর্ক করে আসছে যে ইরান অনলাইনে লোক নিয়োগের মাধ্যমে ভূখণ্ডটিতে আক্রমণের পরিকল্পনা করছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসেও অনুরূপ নিরাপত্তা উদ্বেগের কারণে আরেক ব্রিটিশ ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়। সাদা রঙের কয়েকটি ভ্যানে করে একদল ব্যক্তি ওই ঘাঁটির কাছে চলে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। গত মাসে সেই ঘটনার তদন্তে দুই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে, যাদের একজনের বিরুদ্ধে ব্রিটিশ প্রসিকিউটররা অভিযোগ এনেছেন যে সে ইরানি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম আগেই বলেছিলেন যে ফেয়ারফোর্ডের ওই ঘটনাটি ইরান থেকে সমন্বিত হওয়ার "উচ্চ সম্ভাবনা" রয়েছে।
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ-এর প্রধান কেন ম্যাককালাম গত মাসে এক ভাষণে জানান, ইরান-সংশ্লিষ্ট নানা অপতৎপরতার কারণে গত এক বছরে ৫০টিরও বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় বিভিন্ন অপরাধীকে প্রক্সি হিসেবে ব্যবহার করার কারণে আগে ইরানের হামলা চালানোর সক্ষমতা কিছুটা সীমিত থাকলেও, এখন তারা যুক্তরাজ্যের সামরিক ঘাঁটির মতো আরও কঠিন ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানার চেষ্টা জোরদার করছে।




























