খুলনায় একের পর এক সহিংস ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। এক বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নগরীর ডিআইজি মাঠ এলাকায় দুই তরুণকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৭টার দিকে ঘটা এই হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আহত দুই তরুণ হলেন নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আনিছুর রহমানের ছেলে মো. ইয়াছিন (১৮) এবং আফজাল হোসেনের ছেলে মিনারুল (১৭)। তারা সম্পর্কে বন্ধু এবং বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই দুই বন্ধু হেঁটে ডিআইজি মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের পথ আটকে অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে মিনারুলের দুই পা এবং গলার নিচে বুকের মাঝামাঝি অংশে গভীর জখম হয়। এছাড়া ইয়াছিনের ডান হাতের কব্জি বরাবর গুরুতর আঘাত লাগে।
তরুণদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর জখম হওয়ায় মিনারুলের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
পরপর এমন সহিংস ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার উদ্বেগে আহত দুই তরুণের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। হামলার সুনির্দিষ্ট কারণ কিংবা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে পরিবার বা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।





























