রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের কাছ থেকে দু’টি গ্রেনেড উদ্ধারের পর দেশের সার্বিক বিমানবন্দর নিরাপত্তায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক)। হঠাৎ এসব নাশকতামূলক ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এসব কেপিআই স্থাপনার সুরক্ষায় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১০ই নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে একটি ফুলের গাছের নিচে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। তিনি বিষয়টি অবহিত করলে বিমানবন্দর থানা পুলিশের ফাঁড়ির টহলরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তী সময়ে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। অন্যদিকে একই সপ্তাহে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে, ককটেলগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচের দিকে ছোড়া হয়েছিল।
বেবিচক সূত্রে জানা গেছে, চলমান গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছ। এই ঘটনার পরপরই বেবিচক সদরদপ্তর থেকে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরের নজরদারি বহুগুণ বাড়ানোর কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, সকল বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকা বর্তমানে ২৪ ঘণ্টা নিবিড় নজরদারির আওতায় রাখা হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) বাংলাদেশে তাদের নিরাপত্তা অডিট সম্পন্ন করেছে, যেখানে ভালো ফলের প্রত্যাশা করছে কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরের ভেতরের অংশে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের অংশে পুলিশ এবং প্রবেশদ্বারে এপিবিএন দায়িত্ব পালন করায় তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।
নিরাপত্তা শঙ্কাজনিত এই পরিস্থিতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন থার্ড টার্মিনালের উদ্বোধনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, তা নিয়েও জোর আলোচনা চলছে। ২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হলেও তৃতীয় টার্মিনালটিতে এখনো নিয়মিত বাণিজ্যিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়নি। সরকার আগামী ১৬ই ডিসেম্বর থেকে এটির আংশিক চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পাশাপাশি একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার চুক্তি নিয়েও আলোচনা এগোচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, চুক্তি সইয়ের পর পরীক্ষামূলক ফ্লাইট চালনার জন্য যে সময়ের প্রয়োজন, তা আর হাতে নেই। এর মধ্যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিদেশি পরিচালকদের মধ্যে শঙ্কা তৈরি হতে পারে। একই সঙ্গে আইকাও অডিটে রেটিং কমে গেলে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো ঢাকায় ফ্লাইট সংখ্যা কমিয়ে দেওয়ার ঝুঁকি থাকবে, যা সরাসরি প্রবাসী কর্মী ও ব্যবসায়ী সম্প্রদায়ের ক্ষতি করবে।
উল্লেখ্য, রাজশাহী বিমানবন্দর দিয়ে প্রধানত অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল করলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। সংবেদনশীল এই যোগাযোগ ব্যবস্থায় নিরাপত্তা ফাঁকফোকর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম মানবজমিনকে বলেন, বিমানবন্দর একটি অতি সংবেদনশীল এলাকা এবং সরকারের গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনা। দুষ্কৃতিকারীদের আন্তর্জাতিক নজর কাড়তে বিমানবন্দর একটি আকর্ষনীয় লক্ষ্যবস্তু হয়ে ওঠে। তাই এখানে বাড়তি সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক রেটিং বিষয়ে তিনি জানান, নিরাপত্তা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে অডিটে নেতিবাচক প্রভাব পড়বে না, তবে বহির্বিশ্বে দেশের সার্বিক ভাবমূর্তি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। এপিবিএন ও এভিয়েশন সিকিউরিটির মধ্যকার সমন্বয়হীনতা প্রসঙ্গে তিনি বলেন, এদের দায়বদ্ধতা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করলে ঝুঁকির ফাঁক থেকেই যাবে।
তবে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। তিনি মানবজমিনকে জানান, বিমানবন্দরে সবসময়ই উচ্চ নিরাপত্তা সতর্কতা বজায় রাখা হয়। আইকাও অডিট চলাকালে যে মান বজায় রাখা হয়েছিল, তা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতির নিরিখে কেপিআই স্থাপনা হিসেবে সব বিমানবন্দরকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংস্থাগুলোর মধ্যে বৈষম্য বা সমন্বয়হীনতা নেই দাবি করে তিনি বলেন, সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির সর্বশেষ বৈঠকে স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে এপিবিএন ল্যান্ডসাইডের বাইরের অংশ দেখবে এবং সিভিল এভিয়েশন ভেতরের নিরাপত্তা তদারকি করবে; সেই অনুযায়ীই কার্যক্রম পরিচালিত হচ্ছে।




























