সৈয়দ মুশতাক আলী ট্রফি (এসএমএটি) ২০২৬-এ ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন রজত পাটিদার। তার অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করে মধ্যপ্রদেশ ১৩১ রানের বড় ব্যবধানে আসামকে পরাজিত করেছে। নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এই ম্যাচে নবম ওভারে দলীয় ৫৯ রানে তিন উইকেট হারানোর পর ক্রিজে আসেন পাটিদার। শুরুতে কিছুটা সময় নিলেও ২৬ বলে নিজের অর্ধশতক পূর্ণ করার পর পরের ২২ বলে ৮৩ রান তুলে প্রতিপক্ষ বোলারদের দিশেহারা করে দেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে আসামের ইনিংস ১১৯ রানেই গুটিয়ে যায়। মধ্যপ্রদেশের বোলার কুমার কার্তিকেয়া ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করে আসামের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
টুর্নামেন্টের অন্যান্য ম্যাচেও ছিল উত্তাপ। মুম্বাইয়ে উত্তর প্রদেশ ১৬ রানের জয় পেয়েছে কর্ণাটকের বিপক্ষে। প্রথমে ব্যাট করে দিব্যাংশ যোশীর ৩৪ বলে ৬৫ এবং শেষের দিকে সমীর রিজভী (২৩ বলে অপরাজিত ৪৬) ও প্রশান্ত বীরের (১৪ বলে ২৩) ঝোড়ো ব্যাটিংয়ে উত্তর প্রদেশ ২০৪ রান সংগ্রহ করে। কর্ণাটক শুরুতে বিপদে পড়লেও অধিনায়ক স্মরণ রবিচন্দ্রনের (৩৯ বলে ৬৮) লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত তারা লক্ষ্যমাত্রা থেকে দূরেই থেকে যায়।
কলকাতায় সূর্যকুমার যাদবের ২৯ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে গুজরাটের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য মুম্বাই পেরিয়ে গেছে ১৫.৪ ওভারে। গুজরাটের হয়ে আশুতোষ শর্মা ২২ বলে ৪২ রান করেন। ইন্দোরে জম্মু-কাশ্মীর ৬ রানের জয় পেয়েছে তামিলনাড়ুর বিপক্ষে। কামরান ইকবাল (৭০) ও শুভম খাজুরিয়ার (৫৩) ব্যাটে ভর করে জম্মু-কাশ্মীর ২০১ রান তোলে। তামিলনাড়ুর অমিত সাতভিক ৬৭ রান করলেও শেষ রক্ষা হয়নি।
অন্যান্য ম্যাচে বিদর্ভ তাদের টানা তৃতীয় জয় পেয়েছে ওড়িশার বিপক্ষে। এছাড়া হিমাচল প্রদেশ ৮ রানে অন্ধ্রপ্রদেশকে, রাজস্থান ৫৫ রানে ঝাড়খণ্ডকে এবং বিহার ৪ উইকেটে রেলওয়েজকে পরাজিত করেছে। উত্তরাখণ্ড ৫ উইকেটে গোয়াকে, পুদুচেরি ৪০ রানে ত্রিপুরাকে এবং বরোদা ৮ উইকেটে মিজোরামকে হারিয়েছে। এছাড়া সৌরাষ্ট্র ৬ উইকেটে হরিয়ানা, বাংলা ৮৫ রানে চণ্ডীগড়, দিল্লি ১০৯ রানে পাঞ্জাব এবং কেরালা বড় ব্যবধানে মহারাষ্ট্রকে পরাজিত করেছে। হায়দ্রাবাদ শেষ বলে এক উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে ছত্তিশগড়ের বিপক্ষে।



























