গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংসদ নির্বাচনে নির্বাচনী সমঝোতার অভিযোগ এবং সরকারের দ্বিমুখী রাজনৈতিক অবস্থানের কারণে দেশে অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিডিপি চেয়ারম্যান বলেন, সরকারের দ্বিচারিতা এখন স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে সরকার নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে, অন্যদিকে দলটির সঙ্গে সংসদ নির্বাচনে নির্বাচনী সমঝোতার অভিযোগ জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি উল্লেখ করেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক সংস্কারের অঙ্গীকার করে বাস্তবে তার বিপরীত অবস্থান গ্রহণ সরকারের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডের এই বৈপরীত্য রাজনৈতিক অনাস্থা বাড়াচ্ছে।
গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা মোকাবিলায় প্রশাসনের ভূমিকা, সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত এবং ঘোষিত নীতির বাস্তবায়ন—সবকিছুই নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন। সরকারের সিদ্ধান্ত ও দায়িত্বহীনতার কারণে পরিস্থিতির অবনতি ঘটে থাকলে তার দায় সরকারকেই নিতে হবে।
বিডিপি চেয়ারম্যান আরও বলেন, গোপালগঞ্জের অস্থিরতার পাশাপাশি রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। রাজনৈতিক সংকট ও জননিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্বশীল ভূমিকার অভাব পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে তার পরিণতি শুধু সরকারের জন্য নয়, সমগ্র দেশ ও জনগণের জন্য ভয়াবহ হবে। তাই পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, জনগণের সামনে এক ধরনের প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে তার বিপরীত অবস্থান গ্রহণ কোনো দায়িত্বশীল সরকারের আচরণ হতে পারে না। সরকারকে অবিলম্বে রাজনৈতিক দ্বিচারিতা পরিহার, গণভোটের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংসদ নির্বাচনে নির্বাচনী সমঝোতার অভিযোগের স্পষ্ট ব্যাখ্যা এবং সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির রাজনৈতিক ও প্রশাসনিক দায় সরকারকেই বহন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা নিয়ে কোনো ধরনের রাজনৈতিক ছেলেখেলার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।


























