জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি অর্থবছরের সপ্তম সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এবারের প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়কগুলোতে শক্তিশালী সেতুর অভাবে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা প্রায়ই বাধাগ্রস্ত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে জাতীয় অর্থনীতিতে। এই সংকট নিরসনে এবং প্রান্তিক পর্যায়ে সুষম উন্নয়নের লক্ষ্যে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা ব্যয়ে ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।
একনেকের এই সভায় গ্রামীণ অবকাঠামোর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা অঞ্চলের আবাসিক সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়নের প্রকল্প।























