দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। সেখান থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত রিজার্ভ প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্সকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই খাতের প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকার বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন নীতিগত সংস্কার ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর নতুন সংযোগ স্থাপন সহজতর হয়েছে। পাশাপাশি প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প মাধ্যম বৃদ্ধি পাওয়ায় প্রতিযোগিতা বাড়ছে এবং অর্থ স্থানান্তরের খরচও কমে আসছে।
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে, যার মাধ্যমে এক্সচেঞ্জ হাউসের সহায়তায় সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা চালু হয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও তা অব্যাহত রাখতে নতুন ধারণা, প্রযুক্তি এবং বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
























