গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসভবনে অবস্থিত ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। স্থানীয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শুরুতে দুর্বৃত্তরা সংসদ সদস্যের বাসার সামনের গেটে আগুন ধরিয়ে দেয়। এরপর লাঠিসোঁটা ও ইট-পাটকেল ব্যবহার করে বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়।
এই হামলার ফলে বাসার ওপরের তলায় অবস্থিত আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি থাকা রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লিনিকটিতে চিকিৎসাধীন অনেক গর্ভবতী নারী, অস্ত্রোপচারের মাধ্যমে সদ্য সন্তান জন্ম দেওয়া মা, নবজাতক এবং অন্যান্য রোগীদের স্বজনরা দ্রুত তাদের নিয়ে ক্লিনিক থেকে বের হয়ে যান।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তারা অবগত আছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এছাড়া টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার খবরও পাওয়া গেছে।
























