জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পতিত ও পলাতক সন্ত্রাসী গোষ্ঠী মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের গণতান্ত্রিক জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে। দেশে কিংবা বিদেশে তারা যেখানেই অবস্থান করুক না কেন, সন্ত্রাসই তাদের একমাত্র চরিত্র।
বুধবার (১৮ নভেম্বর) সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির যেকোনো পুনরুত্থান প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত নস্যাৎ করতে হলে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের প্রতিটি শক্তিকে ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসতে হবে।
ভাষণে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও জানান, দেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পর বর্তমান নির্বাচিত সরকার জনগণের অর্থনৈতিক গণতন্ত্র নিশ্চিত করার কাজ হাতে নিয়েছে। কোনো নির্দিষ্ট বিশেষ গোষ্ঠী নয়, বরং শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের নাগরিক যাতে জাতীয় অর্থনীতির সুফল সরাসরি ভোগ করতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ চালিয়ে যাচ্ছে।



























