রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল, শ্যামপুর ও শেরেবাংলা নগর এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নাসিমা বেগম (৪০) নামের এক নারীসহ মোট চারজন আহত হয়েছেন। এদিকে শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনার পর পরই একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের কাছে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম।
এ ছাড়া গভীর রাতে রাজধানীর নয়াপল্টন এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে ওই এলাকায় বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। রাজধানীর এসব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।





























