চীনের শেনঝেনে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাইলিন ভিলায় অনুষ্ঠিত এই ঐতিহাসিক সম্মেলনে তিন নেতা প্রতীকী 'শান্তি ঘোষণা' প্রকাশ করেছেন।
যৌথ ঘোষণায় স্পষ্ট করা হয়েছে যে, পারমাণবিক যুদ্ধে কোনো পক্ষেরই জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত নয়। তবে পারমাণবিক অস্ত্রের মজুত কমানো বা তা নিয়ন্ত্রণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট অঙ্গীকার বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। তিন নেতা কেবল পারমাণবিক ঝুঁকি হ্রাস এবং অস্ত্রের বিস্তার রোধে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন।
এশিয়ায় ট্রাম্পের তিন দিনের কূটনৈতিক সফরের শেষ পর্যায়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিশ্লেষকদের মতে, এই সম্মেলন থেকে পুতিন কিছুটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ফিরে পাওয়ার সুযোগ পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প তার মিত্রদের মধ্যে কিছুটা উদ্বেগের জন্ম দিয়েছেন, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে।
বৈঠকের শুরুতেই নেতারা একে ঐতিহাসিক বলে অভিহিত করেন। শি জিনপিং মন্তব্য করেন যে, বড় শক্তিগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান বিশ্বশান্তির জন্য অপরিহার্য। ট্রাম্প ইতিহাস তৈরির দাবি করলেও ইউক্রেন, ইরান ও বাণিজ্য ইস্যুতে দেশগুলোর মধ্যে গভীর মতপার্থক্য রয়ে গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, শেনঝেনের বৈঠক পুতিনের স্বপ্নের ‘নতুন ইয়াল্টা’ হয়ে উঠতে পারেনি। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল এই যৌথ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখলেও পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বৈঠক শেষে ট্রাম্প কোনো মন্তব্য ছাড়াই শেনঝেন ত্যাগ করেন। ফ্লোরিডায় আসন্ন জি-২০ সম্মেলনেও এই তিন নেতার আবারও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

























