নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়েছে গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছ, বাঁশ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ কর্মস্থলে যেতে পারছেন না, পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে এবং রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট, মাদ্রাসাঘাট ও পুলিশ লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায়। অনেক নেতাকর্মীর মাথায় হেলমেট এবং হাতে রামদা, হকিস্টিক ও চায়নিজ কুড়াল ছিল। শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট মোড় থেকে জেলা পরিষদ ডাকবাংলো পর্যন্ত তাদের অবস্থান ছিল চোখে পড়ার মতো। মাইকে বাজানো হয় ৭ই মার্চের ভাষণ। সকাল থেকে বৃষ্টির মধ্যেও বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশের পথ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকা, নীলা মাঠ, হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়ে একই চিত্র দেখা গেছে। চর গোবরা এলাকায়ও সড়ক বন্ধ করে দেওয়া হয়।
মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দুজনকে বেঁধে রাখার ঘটনাও ঘটেছে। মহাসড়কের বিভিন্ন স্থানে দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়েছে। বুধবার রাত ১০টার পর সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ ১০০টিরও বেশি পণ্যবাহী যান আটকা পড়ে। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল এবং গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কেও একইভাবে যান চলাচল বন্ধ করা হয়েছে। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান সকাল-সন্ধ্যা বন্ধ ছিল, কাঁচাবাজার ও জরুরি প্রয়োজনে খোলা দোকানগুলোতেও ক্রেতার উপস্থিতি ছিল নগণ্য।
সহিংসতার অংশ হিসেবে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া বুধবার রাত ৯টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হামলাকারীরা হাসপাতালের জানালা ভেঙে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়, যার ফলে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম উজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয় এবং দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সদরের পাঁচুড়িয়া এলাকায় বিএনপির কার্যালয়ও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা থানায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ৯০ জন পুলিশ সদস্য প্রথমে প্রতিরোধের চেষ্টা করলেও হামলাকারীদের সংখ্যাধিক্যের কারণে পিছু হটতে বাধ্য হন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এবং বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়, তবে গুরুত্বপূর্ণ এলাকায় তাদের তৎপরতা সীমিত ছিল। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এই হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জনগণের জানমাল ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ২০২৬ সালের ২৪ সালে যেভাবে জবাব দিয়েছে, তা অব্যাহত থাকবে।























