সংযুক্ত আরব আমিরাতে শনিবার (২১ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি২০-এর (আইএলটি২০) পঞ্চম আসর, যা চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত আসরের দুই ফাইনালিস্ট—চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স এবং এমআই আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এই টুর্নামেন্টের। তবে নভেম্বর ও ডিসেম্বরের এই সময়ে ম্যাচগুলোতে শিশির কতটা বড় ভূমিকা রাখবে, তা নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা।
অতীতের ইতিহাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলের কিছু অংশ এবং ২০২১ সালের টি২০ বিশ্বকাপে শিশির ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছিল। পরিস্থিতি এমন ছিল যে টস জয়ই যেন ম্যাচের জয় নির্ধারণ করে দিচ্ছিল। পরিসংখ্যানেও তার প্রতিফলন স্পষ্ট—আইপিএলের ২০২০ ও ২০২১ আসরে টাই হওয়া ম্যাচ বাদ দিলে পরে ব্যাট করা দল ৫০টি ম্যাচে জয় পায় এবং ৩৭টি ম্যাচে হারে। এর মধ্যে ২০২১ আইপিএলের দ্বিতীয় পর্বে রান তাড়া করা দল ২১টিতে জেতে ও ১০টিতে হারে, আর ৯টি ম্যাচের ক্ষেত্রে এই অনুপাত ছিল ১৭-৮।
একইভাবে ২০২১ সালের টি২০ বিশ্বকাপেও রান তাড়া করা দল ২৭টিতে জয় এবং ১২টিতে পরাজয় দেখেছে। ফুল মেম্বার দলগুলোর লড়াইয়ে পরে ব্যাট করা দল ১৯টি জয় ও ৬টি পরাজয় নথিভুক্ত করে। বিশেষ করে দুবাইয়ে দুই পূর্ণ সদস্য দেশের মধ্যে খেলা ১০টি ম্যাচের সবকটিতেই জিতেছে পরে ব্যাট করা দল। এর মধ্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১০ উইকেটের ঐতিহাসিক জয়, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সেমিফাইনাল এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শারজাহ ওয়ারিয়র্সের অধিনায়ক সিকান্দার রাজা মনে করেন, এবার পরিস্থিতির পরিবর্তন হতে পারে। তিনি জানান, তারা প্রায় প্রতি বছরই এ ধরনের কন্ডিশনে খেলেন এবং ভিজা বলে বল করার কৌশল আয়ত্ত করেছেন। তার মতে, ক্রিকেটাররা বোলার হিসেবে নিজেদের আরও দক্ষ করে তুলতে কঠোর পরিশ্রম করেছেন। তাই এবার কেবল টস জিতলেই ম্যাচ জেতা যাবে না, বরং ভালো ক্রিকেট খেলেই জিততে হবে।
টুর্নামেন্ট শুরুর আগে দুবাইয়ের এক্সপো সিটির ডিপি ওয়ার্ল্ড অফিসে ছয়টি ফ্র্যাঞ্চাইজির প্রধান ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে হাজির হন। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে যাওয়া আইপিএল নিলামের আগে এই আসরটিকে নিজেদের প্রমাণ করার চমৎকার মঞ্চ হিসেবে দেখছেন অনেক খেলোয়াড়।
প্রথমবারের মতো দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি আমিরাতের বিশ্বমানের সুবিধা ও টুর্নামেন্টের মান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা সবসময়ই এই প্রতিযোগিতায় খেলতে আগ্রহী থাকে। অন্যদিকে, ডেবিউ করতে যাওয়া আরেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হেনরিখ ক্লাসেন জানান, অজানা ক্রিকেটারদের বিপক্ষে খেলা রোমাঞ্চকর। বিশ্বজুড়ে সব লিগেই এমন ক্রিকেটার থাকে, যাদের জীবন একটি দুর্দান্ত পারফরম্যান্সে বদলে যায়, আর এই আসরেও এমন অনেকের উত্থান ঘটবে বলে তিনি বিশ্বাস করেন।

























