রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালানোর দায়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে মিয়ানমার সরকার। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারি মুখপাত্র খাইং খাইং সো এ প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, আদালত মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করেছে এবং এই সিদ্ধান্তটি সর্বসম্মত ছিল না।
গাম্বিয়ার দায়ের করা মামলায় সাত বছর পর গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজে এই ঐতিহাসিক রায় প্রদান করে। আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছে। রায়ে বিচারকেরা উল্লেখ করেন, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও ছেলেদের গণহারে হত্যা করেছে এবং নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে। এছাড়া ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের নামে শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। নাজি হলোকাস্টের পর গণহত্যা বিষয়ক আইনি মানদণ্ড পূরণের ক্ষেত্রে এটি চতুর্থ ঘটনা।
রায়ে আদালত মিয়ানমারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে, যার পরিমাণ পরবর্তীতে নির্ধারণ করা হবে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে। ১৯১ পৃষ্ঠার এই রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনায় রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনকেও তথ্যসূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সেই হত্যাকাণ্ডের তথ্য অনুসন্ধানে রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেফতার করে ৫০০ দিনের বেশি কারাবন্দি রাখা হয়েছিল।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। আইসিজের রায় ঘোষণার পর বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে হাজার হাজার মানুষ আনন্দ উদযাপন করলেও, কবে তারা নিজ দেশে ফিরতে পারবেন তা এখনো অনিশ্চিত। মিয়ানমারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, বিশ্বের অনেক নেতা আগেই মন্তব্য করেছেন যে আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থা’গুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়।

























