আগামীকাল শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ পালন করা হবে। এই দিবস উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, যা সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য ও গৌরবময় ঘটনা। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেওয়ায় রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করেছিল।
সশস্ত্র বাহিনীকে নির্ভীক সাহসিকতা, শৌর্য ও শৃঙ্খলার প্রতীক হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় এই বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের বলিষ্ঠ ভূমিকা বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
তারেক রহমান বলেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও এই আধুনিকায়ন অব্যাহত ছিল। বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত এবং শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের এই স্বীকৃতি জাতির জন্য গৌরবের।
পরিশেষে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে জীবনদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সকল বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন এবং বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন।

























