কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রোববার দুপুরের দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা সময় বক্তব্য দিয়ে আসছেন। তিনি জামায়াতের বিরোধিতা করতে গিয়ে প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করেন। আবু হানিফ আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান সংসদ সদস্য হতে পারতেন না, অথচ তিনি এখন প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করছেন। এক সময় নিষিদ্ধ আওয়ামী লীগ করা এই নেতার বিষয়ে তিনি ‘ওয়ানস এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ’ প্রবাদটি উল্লেখ করেন।
ব্যারিস্টার রুমিন ফারহানার বিষয়ে আবু হানিফ লেখেন, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেও সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, মান-অভিমানের বশবর্তী হয়ে বিএনপি সরকারের বিরোধিতার নামে রুমিন ফারহানা যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।
সবশেষে আবু হানিফ বলেন, গত কয়েকদিনে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া এবং মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের মতো ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ করেননি। তাদের বক্তব্য ও কার্যকলাপে মনে হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।

























