ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকারীরা ২৪টি লাশের ব্যাগ উদ্ধার করেছেন। পিটি ফনুসা আগুং মুলিয়া নামের ওই ক্যান্ডি কারখানায় শনিবার সন্ধ্যায় আগুন লাগার পর রোববারও বিভিন্ন অংশে অবশিষ্ট আগুন নেভাতে কাজ করেন দমকলকর্মীরা। বর্তমানে কারখানা ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে এবং অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঘটনার পর থেকে এখনো ২৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। রাতের জন্য উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হলেও সোমবার সকাল থেকে পুনরায় তল্লাশি শুরু হবে বলে জানিয়েছেন বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুরনিয়াওয়ান। রোববার স্থানীয় সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা নিশ্চিত করেন। পুলিশ সতর্ক করে জানিয়েছে, একটি লাশের ব্যাগে একাধিক ব্যক্তির দেহাংশ থাকতে পারে, ফলে কেবল উদ্ধার হওয়া ব্যাগের সংখ্যা দিয়ে নিহতের সঠিক সংখ্যা এখনই নির্ধারণ করা সম্ভব নয়।
কারখানাটির মূল প্রতিষ্ঠান পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানান, শনিবারের পালায় কারখানাটিতে প্রায় ৩০০ জন কর্মী কাজ করছিলেন। আগুন লাগার সময় তাদের মধ্যে প্রায় ৬৫ জন দুর্ঘটনাকবলিত এলাকায় অবস্থান করছিলেন বলে ধারণা করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত অঞ্চলের ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন নিরাপদে বাড়ি ফিরে গেছেন এবং ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ২৯ জন নিখোঁজ এবং অন্য ৮ জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ শ্রমিকদের পরিচয় শনাক্তকরণে স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের পাশাপাশি তাদের ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র থেকেও নমুনা নেওয়া হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তবে এ পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। উল্লেখ্য, রাজধানীর জাকার্তার পাশেই অবস্থিত এই তিনতলা কারখানার ভেতর থেকে ছড়িয়ে পড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ও ছবিতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। এতে দেখা যায় ভেতরের যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।
ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তার একটি কার্যালয় ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন মারা যান। এছাড়া ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ১৩ জন।



























