ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে এলে ইমিগ্রেশনের প্রক্রিয়া চলার সময় তাঁকে আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তারের পর তাঁকে ডিএমপির ডিবির কাছে হস্তান্তর করে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে। এ বিষয়ে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা শেখ জিন্নাত আলীর ছেলে আসলাম নব্বইয়ের দশকের একজন কুখ্যাত অপরাধী। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ছিল। ১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার ঘটনায় আসলামের নাম প্রথম প্রকাশ্যে আসে। এরপর একের পর এক খুনের ঘটনায় তাঁর নাম জড়াতে থাকে। একপর্যায়ে তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করেন এবং সেখান থেকে দেশে ফেরার পর নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, আসলামের বিরুদ্ধে থাকা হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় তিনি আদালত থেকে খালাস পান। তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো আপিল করেনি। এ ছাড়া একটি মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। অস্ত্র আইনের দুটি মামলায় তাঁর যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল, তবে পরবর্তীতে এসব মামলা থেকেও উচ্চ আদালত তাঁকে অব্যাহতি দেন।
পুলিশের নথিপত্র অনুযায়ী, আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয় ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায়। ওই ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ অভিযোগপত্র দাখিল করে। মামলাটি বর্তমানে বিচারালয়ে বিচারাধীন রয়েছে। এই তেজগাঁওয়ের মামলায় জামিন পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছিলেন সুইডেন আসলাম।
























