ক্যানসার জয়ের পর নিজের জীবনসংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা নিয়ে তৈরি একটি নতুন প্রামাণ্যচিত্রে কথা বলেছেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন। 'হিল' (Heal) শীর্ষক এই প্রামাণ্যচিত্রে ২০২৪ সালে ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকে অনিশ্চয়তার মধ্যেও আশা ও আনন্দ খুঁজে নেওয়ার গল্প ফুটিয়ে তোলা হয়েছে।
৪৪ বছর বয়সী ক্যাথেরিনকে কেন্দ্র করে তৈরি এই প্রামাণ্যচিত্রে তার 'থ্রি পিকস চ্যালেঞ্জ'-এর অভিজ্ঞতা তুলে ধরা হয়। এই চ্যালেঞ্জের অংশ হিসেবে তিনি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ পর্বতগুলোতে আরোহণ করেন। রয়্যাল মার্সডেন ক্যানসার চ্যালিটির সহায়তায় তিনি এই কঠিন অভিযানে অংশ নেন; মূলত এই সংস্থার সাথে যুক্ত হাসপাতালেই তার ক্যানসারের চিকিৎসা হয়েছিল। পর্বত আরোহণ সফলভাবে শেষ করার পর তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার স্বামী ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম, তিন সন্তান প্রিন্স জর্জ, প্রিন্স লুই ও প্রিন্সেস শার্লট এবং তার মা-বাবা ও ভাই।
প্রিন্স উইলিয়াম ও ক্যাথেরিনের কেনসিংটন প্যালেস অফিস থেকে প্রকাশিত একটি ট্রেইলারে ক্যাথেরিনকে ক্যানসারের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা যায়। ট্রেইলারে তিনি মন্তব্য করেন, ক্যানসার মানুষকে গভীরভাবে বদলে দেয়। তিনি বলেন, "সুস্থ হয়ে ওঠার যাত্রাটি এক দীর্ঘ পথ পরিক্রমা। কীভাবে একসময় যাদের জানতেন তাদের সাথে পুনরায় যুক্ত হতে হয় এবং অনিশ্চয়তার মাঝেও কীভাবে আশা ও আনন্দের সন্ধান পেতে হয়, তা শেখায় এই পথ।"
ক্যাথেরিন আরও যোগ করেন, "এটা স্পষ্ট যে জীবনের চ্যালেঞ্জগুলো আমাদের একা বহন করার জন্য নয়। প্রায়শই কষ্টের মধ্য দিয়েই আমরা উপলব্ধি করতে পারি যে এর ওপারে এক মহৎ সৌন্দর্য লুকিয়ে আছে।"
এর আগে ২০২৪ সালের মার্চ মাসে তলপেটে একটি বড় অস্ত্রোপচারের পর ক্যানসার ধরা পড়ার কথা ও কেমোথেরাপি নেওয়ার তথ্য প্রকাশ করেন ক্যাথেরিন। তবে তিনি কোন ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তা জানাননি। রোগ নির্ণয়ের ঘোষণার প্রায় ১০ মাস পর, ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি জানান যে তিনি ক্যানসারমুক্ত (রেমিশন) রয়েছেন। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সুস্থতার ওপর জোর দিয়ে তিনি লিখেছিলেন, "যাঁরা ক্যানসার নির্ণয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাঁরা সবাই জানেন যে নতুন স্বাভাবিক জীবনের সাথে মানিয়ে নিতে সময়ের প্রয়োজন হয়।"
ক্যানসারমুক্ত হওয়ার পর ক্যাথেরিন ধীরে ধীরে তার সরকারি রাজকীয় দায়িত্ব পালন শুরু করেছেন এবং চলতি মাসের শুরুর দিকে উইলিয়ামের সাথে ভারত সফর করেছেন। আগামী ২৯ নভেম্বর যুক্তরাজ্যে বিবিসি-তে প্রামাণ্যচিত্র 'হিল' প্রথম প্রচারিত হবে এবং এরপর ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রে এনবিসিইউনিভার্সালে আন্তর্জাতিকভাবে এটি সম্প্রচার করা হবে।
























