সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিযোগ করেছেন যে, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা দিয়ে হামলা চালানো হচ্ছে। সোমবার এক বিবৃতিতে তিনি জানান, শুধুমাত্র নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় এই সহিংস হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে এবং ঘটনার ধরন দেখে অধ্যাপক ইউনূসের মনে হয়েছে, অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পেয়েই প্রতিদিন এই ধরনের হামলা চালাচ্ছে।
অধ্যাপক ইউনূস এই ধারাবাহিক হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, তাদের স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই নারী ঋণগ্রহীতারা নিজেরাই ব্যাংকটির মালিক। বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন যে, ব্যাংকটির মালিকানা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো ভূমিকা নেই এবং তিনি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও নন।
বিবৃতিতে অধ্যাপক ইউনূস আরও জানান, বেশ কিছু ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, অথচ এই ব্যাংকটি তাদের পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন। সহিংসতার এই ধারাবাহিকতা কেবল গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই বলে উল্লেখ করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামীণ ব্যাংক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা জোরদারের আবেদন জানিয়েছে, যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকিং সেবা বাধাগ্রস্ত না হয়। ড. ইউনূস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে, বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও এই হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।





























