চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা ৫৬ বছর বয়সী মঞ্জু দেব ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার বেলা ১১টার দিকে তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং দিবাগত রাত দুইটার পর তাঁর মৃত্যু হয়। মায়ের এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।
মঞ্জু দেবের ছেলে প্রবাসী বিপ্লব দেব জানান, মায়ের শেষ সময়ের কথাগুলো তিনি কোনোভাবেই ভুলতে পারছেন না। ঘটনার দিন রাতে তিনি মায়ের পাশে ছিলেন। বড় বোন রুমা দত্ত মাকে ভাত ও ডিম খাইয়ে দিয়েছিলেন, মা নিজের হাতে ফলমূলও খেয়েছিলেন। রাত নয়টার দিকে হাসপাতাল থেকে বের হওয়ার সময় বিপ্লব মাকে আশ্বস্ত করেছিলেন যে তিনি হাসপাতালের আশেপাশেই আছেন এবং প্রয়োজনে ফোন করতে বলেছিলেন। তখন মায়ের শরীরে স্যালাইন ও অক্সিজেন চলছিল, তবে জ্বর ছিল না।
বিপ্লব জানান, রাত দুইটার দিকে বোন রুমা দত্ত তাঁকে ফোন করে আতঙ্কিত কণ্ঠে বলেন, ‘ভাই তাড়াতাড়ি আয়, মা কেমন যেন করছে।’ তিনি দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে দেখেন মা আর বেঁচে নেই।
মঞ্জু দেবের স্বামী মিলন দেব (৬৩) জানান, মৃত্যুর ৯ থেকে ১০ দিন আগে তাঁর স্ত্রীর জ্বর ও কাশি শুরু হয়। শুরুতে ডেঙ্গু পরীক্ষা নেগেটিভ আসলেও জ্বর কমছিল না। হাসপাতালে ভর্তির পর ১০৫ ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে গিয়েছিল। মিলন দেব বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী নিজের হাতে খাবার খেয়েছিলেন এবং তাঁকেও বাড়ি ফিরে যেতে বলেছিলেন। তিনি ভেবেছিলেন অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু গভীর রাতে মৃত্যুর সংবাদ পান।
মঞ্জু দেবের বাড়ি চন্দনাইশ উপজেলার সুচিয়া গ্রামে। তাঁর স্বামী মিলন দেব দুইবার স্ট্রোক করার কারণে শারীরিকভাবে অসুস্থ। তাঁদের তিন সন্তানের মধ্যে ছেলে বিপ্লব দেব এবং দুই মেয়ে রুমা দত্ত ও সোমা দাশ রয়েছেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে পারিবারিক শেষকৃত্য সম্পন্ন হয়েছে।



























