সরবরাহ পর্যাপ্ত থাকলেও বৃষ্টির দোহাই দিয়ে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। দুই সপ্তাহ আগে শীতের সবজির দাম কিছুটা কমলেও বিক্রেতাদের কারসাজি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে। একই সঙ্গে মাছ-মাংসের বাজারেও আগের বাড়তি দাম রয়ে গেছে, ফলে শুক্রবার বাজারে এসে সাধারণ মানুষ নাজেহাল অবস্থায় পড়েছেন।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনা করে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। নতুন নিয়ম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বাস্তব চিত্র ভিন্ন। শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৯০ থেকে ১৯৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে। খোলা পাম তেল বিক্রি হয়েছে সর্বোচ্চ ১৭৫ টাকায়। অর্থাৎ, বিক্রেতারা খোলা সয়াবিন তেলে লিটারপ্রতি ৮ টাকা এবং পাম তেলে ৯ থেকে ১০ টাকা বাড়তি নিচ্ছেন। তবে বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত ২০৭ টাকা দামেই বিক্রি হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০.২৯ শতাংশ এবং বোতলজাত সয়াবিনের দাম ৭.০৯ শতাংশ বেড়েছে। এছাড়া খোলা পাম তেলের দাম ৯.৯৪ শতাংশ এবং পাম তেল সুপারের দাম ১১.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কাওরান বাজারের ক্রেতা আমান উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে তেলের দাম বাড়ছে, বাজারে সঠিক মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা জরুরি।
সবজির বাজারেও স্বস্তি নেই। পটল ৮০ টাকা, করলা ১০০-১২০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, টমেটো ১৪০-১৬০ টাকা, শিম ১০০-১২০ টাকা, বেগুন ১০০-১২০ টাকা, শসা ১০০-১২০ টাকা, মুলা ৬০ টাকা, লাউ ৯০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা এবং কচু ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা হালিপ্রতি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। নয়াবাজারের ক্রেতা আব্দুল্লাহ আল সাইদ জানান, শীতের সবজি বাজারে ভরপুর থাকা সত্ত্বেও দাম হাতের নাগালে নেই। বিক্রেতা জাহিদুল ইসলামের দাবি, সাম্প্রতিক বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে।
মাছ-মাংসের বাজারে তেলাপিয়া ২৩০ টাকা, চাষের কই ২৮০ টাকা, বাইলা ৩২০ টাকা, পাঙাশ ২০০-২৭০ টাকা এবং কাতলা ৩০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট চিংড়ি ৬০০-৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০ টাকা, শোল ৬০০ টাকা, টেংরা ৫৪০ টাকা, পাবদা ৩৮০ টাকা, চাষের শিং ৩০০ টাকা এবং পোয়া ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি মুরগি ৩৩০ টাকা, গরুর মাংস ৮০০-৮৫০ টাকা এবং খাসির মাংস ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ফার্মের মুরগির ডিম ডজনপ্রতি ১৪০-১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয় ১৯০-১৯৬ টাকায়। আর খোলা পাম তেল বিক্রি হয় সর্বোচ্চ ১৭৫ টাকা। এক্ষেত্রে খোলা সয়াবিন তেলে লিটারে ৮ টাকা ও খোলা পাম তেলে লিটারপ্রতি বিক্রেতারা ৯-১০ টাকা বাড়তি দরে বিক্রি করছে। তবে বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে লিটারে ২০৭ টাকায় বিক্রি হয়েছে।























