স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে দেশে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনোই ফিরে আসতে পারবে না। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতে যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে এখানে লুকিয়ে থাকা নেতাকর্মীদের ইন্ধন ও উসকানি দেওয়া হচ্ছে এবং আগুন লাগানোর নির্দেশ প্রদান করা হচ্ছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের যে চেষ্টা করছে, তা তাদের অতীত ইতিহাসের অংশ, তবে এ দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় তাদের কোনো অপচেষ্টাই সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
ফ্যাসিবাদী ও আলেমবিদ্বেষী কোনো শক্তি যদি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করে, তবে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় মতের ভিন্নতা বা তর্ক-বিতর্ক থাকা স্বাভাবিক, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে ঐক্য গড়ে উঠেছে, তা বজায় রাখতে হবে। এই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী এবং পুলিশ সুপার বদরুজ্জামান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই দুই দিনব্যাপী মাহফিলে অংশগ্রহণ করেন।




























