মেক্সিকোর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও অপরাধীদের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির (ডিইএ) চালু করা একটি ‘টিপ লাইন’-এর বিরুদ্ধে মার্কিন প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মেক্সিকো। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম শুক্রবার এই পদক্ষেপের কথা জানান এবং যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যা দেন।
মেক্সিকো সিটিতে আয়োজিত দৈনন্দিন সংবাদ সম্মেলনে ক্লদিয়া শেইনবাম যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে খুব পরিষ্কারভাবে বলেছি যে, এই সম্পর্ক হবে সমন্বয়ের, অধীনতার নয়।” মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজেদের সীমান্ত এলাকার ভেতরে মাদকসেবন নিয়ন্ত্রণ এবং ড্রাগ কার্টেলের সদস্যদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। শেইনবাম জোর দিয়ে বলেন, মাদক সংক্রান্ত সমস্ত দায়ভার মেক্সিকোর ওপর চাপিয়ে দেওয়ার মনোভাব গ্রহণযোগ্য নয়। তবে এর পাশাপাশি মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচার রোধে এবং দেশীয় কার্টেলগুলোর বিরুদ্ধে নিজেদের অভিযান অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এর আগে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডিইএ-এর প্রধান টেরি কোল সিনালোয়া রাজ্যের জন্য সংস্থাটির এই বেনামী টিপ লাইন চালুর কথা ঘোষণা করেন। সিনালোয়া এলাকাটি মেক্সিকোর অন্যতম শক্তিশালী সিনালোয়া কার্টেলের মূল ঘাঁটি হিসেবে পরিচিত। ওয়াশিংটন সিনালোয়া কার্টেলসহ মেক্সিকোর ছয়টি অপরাধী সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। টেরি কোল জানান, মাদক-সন্ত্রাসবাদে অর্থ যোগানদাতা মানি লন্ডারিংকারী, অপরাধী নেটওয়ার্ক, তাদের সহায়তাকারী মেক্সিকোর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও সন্ত্রাসী গোষ্ঠীর সহযোগীদের চিহ্নিত করতে এই হটলাইন তথ্য সংগ্রহ করবে। সংস্থাটি জলিসকো রাজ্যের জন্যও অনুরূপ একটি টিপ লাইন খুলতে যাচ্ছে বলেও জানান তিনি।
দুই প্রতিবেশী দেশের মধ্যে এই কূটনৈতিক বিরোধটি এমন সময়ে প্রকাশ্যে এলো, যার মাত্র কয়েক দিন আগেই যৌথ প্রচেষ্টায় এক শীর্ষ মাদক সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছিল। এফবিআইয়ের শীর্ষ ১০ মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এবং সিনালোয়া কার্টেল উপদলের প্রভাবশালী সহযোগী ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেস, যিনি ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত, তাকে চিহ্নিত করতে মার্কিন ড্রোন নজরদারি চালিয়ে তথ্য দিয়েছিল। দুই দেশের সরকারই এই গ্রেপ্তারের সফলতা উদযাপন করে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসিদ্রোকে প্রত্যর্পণের দাবি জানানো হলেও মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আর্নেস্টিনা গদোয় জানিয়েছেন, অপরাধী ইসিদ্রোর বিচার মেক্সিকোর নিজস্ব আদালতেই সম্পন্ন করা হবে।
























