অপ্রকাশিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডিভাইসের গোপন প্রযুক্তিগত তথ্য চুরি এবং সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে কাজ সীমিত করতে চাপ দেওয়ার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ওপেনএআই। ক্যালিফোর্নিয়ার সান জোসে অবস্থিত ফেডারেল আদালতে ওপেনএআই গ্রুপ এবং তাদের হার্ডওয়্যার অঙ্গপ্রতিষ্ঠান ‘আইও প্রডাক্টস’ (io Products) এই মামলা দায়ের করে। সাবেক দুই অ্যাপল কর্মী চ্যাং লিউ ও ট্যাং ইয়ু তানের পক্ষে দায়ের করা এই কাউন্টারক্লেমে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে এবং অ্যাপলের এমন কর্মকাণ্ড বন্ধে আদালতের আদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি একটি জুরি ট্রায়ালের আবেদন জানিয়েছে ওপেনএআই।
মামলার আরজিতে বলা হয়েছে, ‘এমপ্লয়ি এক্স’ নামে চিহ্নিত এক সাবেক অ্যাপল কর্মী ওপেনএআইয়ে প্রায় ছয় মাস কাজ করার পর গত ২ জুন চাকরি ছাড়েন। সে সময় তিনি ওপেনএআইয়ের ডিভাইসের নকশা, উৎপাদন পরীক্ষার তথ্য এবং সরবরাহকারী সংক্রান্ত ১০০টিরও বেশি গোপন ফাইল নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠান। ওপেনএআইয়ের বিশ্বাস, ওই কর্মী পরবর্তীতে ফের অ্যাপলে যোগ দেন এবং অ্যাপলের অনুরোধে গত জুলাইয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ অপারেশন কর্মীদের ওপেনএআইয়ের গোপন হার্ডওয়্যার উন্নয়ন পরিকল্পনা নিয়ে অবহিত করেন। এর আগে গত ১৪ অক্টোবরের এক আবেদনে প্রথম এই বিষয়টি আদালতের নজরে এনেছিল ওপেনএআই। সেদিনই অ্যাপল আদালতকে জানায়, তাদের প্রাথমিক অনুসন্ধানে ওপেনএআইয়ের কোনো গোপন তথ্য মেলেনি এবং আরও তদন্তের জন্য তারা বিস্তারিত তথ্য চেয়েছে।
এআই বাজার ঘিরে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা ও কর্মী নিয়ে টানাটানির মধ্যেই দুই প্রতিষ্ঠানের এই দ্বন্দ্ব তীব্র রূপ নিয়েছে। ওপেনএআই অভিযোগ করেছে, দুই প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করা একটি মেটাল-ফিনিশিং সরবরাহকারী প্রতিষ্ঠানকে একই স্থানে বা একই সময়ে কাজ করার বিষয়ে অ্যাপল আপত্তি জানায়। ফলে ওপেনএআইয়ের যন্ত্রাংশ তৈরির কাজ রাতের শিফটে স্থানান্তরে বাধ্য হয় সরবরাহকারী প্রতিষ্ঠানটি। অন্যদিকে, অ্যাপলের হুমকির মুখে অপর একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের নির্ধারিত কাজ বাতিল করে, যার ফলে ওপেনএআইকে তাদের উৎপাদন প্রক্রিয়ায় রদবদল করতে হয়।
পাল্টা মামলায় আরও উল্লেখ করা হয়, অ্যাপল কর্মীদের কাজের জন্য ব্যক্তিগত আইক্লাউড ও আইমেসেজ অ্যাকাউন্ট ব্যবহারে উৎসাহিত করত। পরবর্তীতে কোনো কর্মী প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দিলে ব্যক্তিগত ডিভাইসে কোম্পানির ফাইলের উপস্থিতি দেখিয়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিত অ্যাপল। এছাড়া সাবেক কর্মী চ্যাং লিউ আলাদাভাবে অ্যাপলের বিরুদ্ধে অনুমতি ছাড়া তার ব্যক্তিগত বার্তা পর্যবেক্ষণের অভিযোগ তুলেছেন।
চলতি বছরের ১০ জুলাই অ্যাপল প্রথম ওপেনএআই, আইও প্রডাক্টস, লিউ এবং তানের বিরুদ্ধে মামলা করে দাবি করেছিল যে, সাবেক কর্মীরা গোপনে তাদের হার্ডওয়্যার ও উৎপাদনসংক্রান্ত তথ্য নিয়ে গেছেন, যা ব্যবহার করে ওপেনএআই গ্রাহক প্রযুক্তি পণ্য তৈরি করছে। তবে শুক্রবারের দাখিল করা নথিতে ওপেনএআই অ্যাপলের বাণিজ্যিক তথ্য চুরির সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
গ্রাহক ব্যবহারের উপযোগী হার্ডওয়্যার বাজারে আনার এই সময়ে উভয় প্রতিষ্ঠানের দ্বন্দ্ব চরমে পৌঁছাল। ২০২৫ সালের জুলাইয়ে ওপেনএআই অ্যাপলের সাবেক প্রধান ডিজাইন কর্মকর্তা জনি আইভ-এর সহ-প্রতিষ্ঠিত স্টার্টআপ ‘আইও প্রডাক্টস’-এর সাথে তাদের একীভূতকরণ সম্পন্ন করে। তবে দ্বিমুখী এই লড়াইয়ের মধ্যেও সফটওয়্যার খাতে যৌথ কাজ চালিয়ে যাচ্ছে দুই প্রতিষ্ঠান; ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাপল তাদের সিরি ও রাইটিং টুলসে চ্যাটজিপিটি যুক্ত করেছিল।






















