পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মশাল মিছিলের পর চারজনকে আটক করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মহাসড়কে মশাল মিছিল বের করে। মিছিলটি চলাকালীন বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া করে এবং চারজনকে ধরে ফেলে। পরে আটকদের মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা নাশকতার প্রতিবাদে এবং আওয়ামী তৎপরতা প্রতিরোধের লক্ষ্যে মহিপুর সদর ও সেতু সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সদস্যকে আটক করা হয়েছে। বর্তমানে মিছিলে অংশগ্রহণকারী অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং থানা পুলিশ এ বিষয়ে সতর্ক অবস্থানে আছে।




























