বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে প্রবেশকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় মধুমতি নদীর ওপর অবস্থিত আবুল খায়ের সেতু ও ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার দুপুর থেকেই মোল্লাহাটের মধুমতি সেতু এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলা থেকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ মশাল মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোল্লাহাটের দিকে অগ্রসর হন। সেতুর এপারে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সেতু ও সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই পদক্ষেপের পর মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের মোল্লাহাটে প্রবেশ ঠেকাতে তাদের দলের নেতাকর্মীদের আগেই প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মধুমতি সেতু ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা তৎপর রয়েছেন।



























