চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চলাচল শুরু করবে। শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রতিমন্ত্রী জানান, কক্সবাজার আইকনিক রেলস্টেশনটিকে একটি আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। স্টেশনটিকে পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য এর দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। পরিদর্শনকালে তিনি স্টেশনের অবকাঠামো, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। স্টেশনটিকে দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন তিনি।
হাবিবুর রশিদ বলেন, পুরো দেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। তিনি আরও জানান, সরকারের বর্তমান মেয়াদের মধ্যেই পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উপস্থিত ছিলেন। এছাড়া রেল মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।





























