আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে। জোহানেসবার্গে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আসন্ন চতুর্দশ এই আসরের ভেন্যুগুলো ঘোষণা করা হয়। এবারের টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে।
ঘোষিত তালিকা অনুযায়ী, বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের সিংহভাগ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। শহরগুলো হলো জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল এবং ব্লুয়েমফন্টেইন। অন্যদিকে, জিম্বাবুয়ের জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে— হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব এবং ভিক্টোরিয়া ফলসের মোসি-ওয়া-তুনিয়া। এছাড়া নামিবিয়ার রাজধানী উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডকে একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে।
জিম্বাবুয়েতে সাত থেকে দশটি এবং নামিবিয়ায় অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স অথবা কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামকে বিবেচনা করা হচ্ছে। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেনোনি ও পচেফস্ট্রুমে। এছাড়া আগামী বছরের শুরুতে নামিবিয়াতে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে দক্ষিণ আফ্রিকায় বাছাইপর্বের কোনো ম্যাচ রাখা হয়নি, কারণ ওই সময়ে দেশটির মূল ভেন্যুগুলোতে 'এসএ টি-টোয়েন্টি' টুর্নামেন্ট চলমান থাকবে।
আইসিসি টুর্নামেন্টের ব্র্যান্ড হিসেবে ‘মেইক দ্য সার্কল বিগাট’ এবং থিম হিসেবে ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’ উন্মোচন করেছে। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা, জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ ইয়ানেস ভ্যান ভারেন উপস্থিত ছিলেন। যদিও এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগামী বছরের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বরের মধ্যে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল, তবে এবারই প্রথম নামিবিয়া যৌথ আয়োজক হিসেবে যুক্ত হলো।
বিশ্বের ১৪টি দলের অংশগ্রহণে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১২টি ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
জিম্বাবুয়েতে ৭ থেকে ১০টি ম্যাচ এবং নামিবিয়ায় অন্তত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।































