ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন, দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর শর্তেই তিনি এই হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
ট্রাম্পের ভাষ্যমতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিরুদ্ধে নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবং ইরান নিজে যুক্তরাষ্ট্রকে এই হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তিনি জানান, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হওয়ার প্রেক্ষিতেই এমন অনুরোধ আসে।
এই চুক্তির বিষয়ে ট্রাম্প দাবি করেন, এর আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো হবে। বিশ্বের কল্যাণ এবং ইরানের সমৃদ্ধির স্বার্থেই তিনি এই হামলা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার শর্ত হলো, দ্রুত একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে হবে। এছাড়া ট্রাম্পের দাবি অনুযায়ী, ইসরাইলও তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে।




























