সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন নতুন শিক্ষকের যোগদান আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে রবিবার (২ আগস্ট) এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র প্রদান করা হবে। নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীরা তাদের নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে যোগদান করবেন। যোগদানের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিক্ষকদের পদায়ন করা হবে এবং পরবর্তী ধাপে তাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।
এর আগে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছিলেন যে, প্রাথমিকের শিক্ষকদের যোগদান কার্যক্রম ২৯ অক্টোবর শুরু হবে। তবে মন্ত্রণালয়ের সর্বশেষ পাঠানো চিঠিতে ১ অক্টোবর যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।





























