চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহর আদালতে শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, ফটিকছড়ির জামাল হত্যা মামলা এবং অস্ত্র মামলায় তাকে পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই সঙ্গে অস্ত্র মামলায় ডেভিড ইমনের পাঁচ সহযোগীর প্রত্যেকের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা ডেভিড ইমন বিদেশে পলাতক অপর শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বর্তমানে অন্তত ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। গত কয়েক বছর ধরে চাঁদাবাজি ও হুমকির বিভিন্ন ঘটনায় ডেভিড ইমনের নাম বেশ আলোচনায় এসেছে।



























