আসন্ন ২০২৬ নারী এশিয়া কাপের জন্য প্রায় অপরিবর্তিত দল ঘোষণা করেছে ভারত। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের স্কোয়াডের সঙ্গে এই দলের মিল রয়েছে অনেকখানি। লর্ডস টেস্টে সেঞ্চুরি করা ইয়াস্তিকা ভাটিয়ার এশিয়া কাপের দলে জায়গা হয়নি। নির্বাচকরা ১৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জি কমলিনির ওপরই আস্থা রাখছেন।
এশিয়া কাপের স্কোয়াডে একমাত্র পরিবর্তন হিসেবে বাদ পড়েছেন শ্রেয়াঙ্কা পাতিল। গোড়ালি লিগামেন্টের চোট থেকে তিনি এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। এই চোটের কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যাত্রা মাঝপথেই থেমে গিয়েছিল। বিশ্বকাপে শ্রেয়াঙ্কার বিকল্প হিসেবে লেগস্পিন অলরাউন্ডার প্রেমা রাওয়াতকে দলে নেওয়া হয়েছিল। এশিয়া কাপের স্কোয়াডেও নিজের জায়গা ধরে রেখেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
অবশ্য গত ৩০ জুন ঘোষিত এশিয়ান গেমসের দলে শ্রেয়াঙ্কা পাতিলকে রাখা হয়েছিল, তবে তা ছিল ফিটনেস ছাড়পত্র পাওয়ার ওপর নির্ভরশীল।
২৪ বছর বয়সী রাওয়াত বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে তিনি ২ বলে ৩ রান করেন এবং বল হাতে ২ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরবর্তীতে অস্ট্রেলিয়ার কাছে শেষ লিগ ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত।
টুর্নামেন্টের সূচি এখনো প্রকাশ করা না হলেও, এশিয়া কাপ আগস্টের শেষভাগ থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর ১৭ থেকে ২২ সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।
বর্তমানে ভারতের চারজন শীর্ষ খেলোয়াড় যুক্তরাজ্যে 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে খেলছেন। তারা হলেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধনা, জেমিমাহ রদ্রিগেজ, দীপ্তি শর্মা ও রিচা ঘোষ।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমাহ রদ্রিগেজ, ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), জি কমলিনি (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, রাধা যাদব, প্রেমা রাওয়াত, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়, রেণুকা সিং, এন শ্রী চারণী, নন্দনী শর্মা।
রিজার্ভ খেলোয়াড়: প্রতিকা রাওয়াল, উমা ছেত্রী (উইকেটরক্ষক), বৈষ্ণবী শর্মা, সায়ালী সাতঘারে, মিন্নু মণি।





























