কুড়িগ্রামের রাজারহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাহিদুল ইসলাম জিন্নাতকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিমন (২৪) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক। গ্রেপ্তারের পর রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২৮ জন আসামির মধ্যে প্রধান আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজের জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে জিন্নাতের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন ২৮ জনকে আসামি করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের ছেলে মো. সাকিব বলেন, ‘আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’





























