সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক তৈরির অংশ হিসেবে এবং হুতিদের মোকাবিলা করার লক্ষ্যে বাংলাদেশ নতুন একটি সামরিক জোটে যোগ দিয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে কেবল হজ ও ওমরাহর মতো ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। বরং ঢাকা ও রিয়াদের সম্পর্ক হবে কৌশলগত এবং মজবুত। তিনি আরও বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে সৌদি আরব যদি নিরাপত্তার ক্ষেত্রে কোনো সহায়তা চায়, তবে বাংলাদেশ নৈতিক ও আদর্শিক জায়গা থেকে সবসময়ই তাতে সাড়া দেবে এবং সহায়তা করবে।
জোটে বাংলাদেশের অংশগ্রহণের ধরণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হুতি চ্যালেঞ্জ মোকাবিলায় যে ধরনের সহায়তা প্রয়োজন, বাংলাদেশের যে ‘রিসোর্সেস’ বা সম্পদ রয়েছে, সেই অনুযায়ী তা প্রদান করা হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, এই জোটে যোগদানের অর্থ এই নয় যে ইরানকে আক্রমণ করতে হবে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের পক্ষ থেকে ইরানের সঙ্গেও কথা বলা হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪৩টি দেশের সামরিক প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের অংশগ্রহণে আয়োজিত ওই সম্মেলনের শেষেই নতুন এই জোটের ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ এই জোটের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম।





























