গ্রিসের আথেন্সের পশ্চিমে পসাথা এলাকায় দাবানল নেভানোর সময় দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার সংঘর্ষের শিকার হয়েছে। রোববার অগ্নিনির্বাপক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারের ক্রুদের খুঁজে বের করতে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
চলতি সপ্তাহান্তে গ্রিসের বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী সতর্ক করেছেন যে, ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসের কারণে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আথেন্সের উত্তর-পশ্চিমে পোর্তো জারমেনো উপকূলীয় গ্রামের কাছে প্রায় ৫০০ অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নিরলসভাবে কাজ করছেন। এছাড়াও দেশটির উত্তরাঞ্চলীয় পেলোপনিস এবং সেফালোনিয়া দ্বীপেও নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই দাবানল মোকাবিলা করতে গিয়ে চলতি সপ্তাহে ইতিমধ্যে তিন জন অগ্নিনির্বাপক কর্মী প্রাণ হারিয়েছেন। এর মধ্যে দু’জন ক্রিটে এবং একজন পেলোপনিসে কর্তব্যরত অবস্থায় মারা যান। সিভিল প্রোটেকশন মন্ত্রী জানিয়েছেন, দেশটির অগ্নিনির্বাপক বাহিনী বর্তমানে তাদের সক্ষমতার চূড়ান্ত সীমায় পৌঁছে কাজ করছে।


























