রাজধানীর বকশীবাজার এলাকায় ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে, একই দিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে দফায় দফায় চলা ওই সংঘাতের ঘটনায় অন্তত ৫০ জন আহত হন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার জের ধরে দুপুরের পর থেকেই আলিয়া মাদ্রাসার সামনে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা তিনটার দিকে সেখানে প্রথম দফায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা মাদ্রাসার বাইরে এবং শিবিরের নেতাকর্মীরা মাদ্রাসার ভেতরে অবস্থান নেন। পরবর্তীতে বিকেল সোয়া ৫টার দিকে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।






























