জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার সুস্পষ্ট প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ অভিযোগ করেন। সমাবেশে তিনি গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারের কাছে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের কোনো গুরুত্ব নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি তাদের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ থেকে সরে না আসে, তবে দেশে আরেকটি জুলাইয়ের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। জুলাইয়ের যোদ্ধাদের জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদের নিয়ে রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে। বর্তমানে অনেক যোদ্ধা ব্যাংককের হাসপাতালে এবং অনেকে নিজ বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন, কিন্তু সরকার তাদের চিকিৎসার বিষয়ে উদাসীন।
জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তির নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘জুলাইয়ের কোনো একক মাস্টারমাইন্ডে আমরা বিশ্বাস করি না। দিনমজুর থেকে শুরু করে দেশের সর্বস্তরের নাগরিকই এই আন্দোলনের অংশীদার।’ তিনি শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার ওপর জোর দেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা গ্রহণের আগে প্রধানমন্ত্রী জাতিকে অনেক আশার বাণী শুনিয়েছিলেন। এখন সেই প্রতিশ্রুতিগুলো কোন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে, তার জবাব তাকেই দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে এবং সংসদেও বিষয়টি স্বীকার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেই তাদের ফ্যাসিবাদী বলা হচ্ছে। এই পথ থেকে সরে এলে জনগণ তাদের সাদরে গ্রহণ করবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের রায় মেনে নিতে হবে; অন্যথায় বাংলাদেশের মাটিতে কোনো ধরনের ফ্যাসিবাদ বরদাশত করা হবে না।
বুধবার ১১ দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন ডা.
সূত্র: Daily Amar Desh






























