বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার জুলাই বিপ্লব ও এ দেশের জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে। একই সঙ্গে গণভোট নিয়ে সরকার ‘ফ্যাসিবাদী আচরণ’ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সরকারের কাছে জুলাই এবং আহত ও শহীদ পরিবারের কোনো মূল্য নেই। সরকার যদি স্বৈরাচারী আচরণ থেকে সরে না আসে, তাহলে আরেকটি জুলাই আসন্ন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের যোদ্ধারা আমাদের জাতীয় সম্পদ। তাদের নিয়ে সব ধরনের রাজনৈতিক খেলা বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, এখনো অনেক জুলাই যোদ্ধা ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকে বিছানায় ছটফট করছেন, কিন্তু সরকার তাদের চিকিৎসার দিকে নজর দিচ্ছে না। জুলাই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ডে জামায়াত বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, দিনমজুর থেকে শুরু করে দেশের সব নাগরিকই এই জুলাই আন্দোলনের অংশীদার।
সমাবেশে জামায়াত আমির অবিলম্বে শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের আগে প্রধানমন্ত্রী জাতিকে অনেক আশার কথা শুনিয়েছিলেন, কিন্তু এখন তার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এসব আশা কোন চোরাবালিতে হারিয়ে গেল, প্রধানমন্ত্রীকে অবশ্যই তার জবাব দিতে হবে।
জুলাই সনদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকার জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে, যা সংসদেও স্বীকার করা হয়েছে। এ সময় বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘এখন শুধু আপনারা জাতির সামনে প্রতারক হিসেবে নিজেদের নিবন্ধিত করবেন।’
বিরোধীদলীয় নেতা আরও বলেন, সরকার ফ্যাসিবাদী আচরণ করছে বলেই তাদের ফ্যাসিবাদ বলা হচ্ছে। এই আচরণ বন্ধ করলে জনগণ তাদের ফুল দিয়ে বরণ করে নেবে। জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ার করেন যে, অন্যথায় বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না।






























