মাগুরায় তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বাসভবনে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়। এ সময় সাকিবের বাড়িতে দুটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটানো হয়, যার আঘাতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলার সময় ওই বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, হামলার দিন অর্থাৎ ৫ আগস্ট সন্ধ্যায় ভারতের ফরেন প্রেস ক্লাবে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন সাকিব আল হাসান। বর্তমানে তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাককর্মী রুবেল নিহতের ঘটনায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না।
হত্যা মামলা ছাড়াও সাকিবের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগ রয়েছে। মামলার বিবরণী অনুযায়ী, সাকিবের মালিকানাধীন ‘এগ্রো ফার্ম’ ব্যবসায়িক কাজের জন্য আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। পরবর্তীতে ঋণের বিপরীতে ৪১ লাখ ৫০ হাজার টাকার দুটি চেক দেওয়া হলেও পর্যাপ্ত তহবিল না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ সেগুলো প্রত্যাখ্যান (ডিশঅনার) করে।






























