মেক্সিকোর সিনালোয়া রাজ্যে লাইভস্ট্রিমিং চলাকালীন সিজার গ্যাস্টেলুম নামের এক জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা করা হয়েছে। টিকটকে ছয় লাখেরও বেশি অনুসারী থাকা গ্যাস্টেলুম মঙ্গলবার একটি রেস্তোরাঁর বাইরে তার দুই বন্ধুর সঙ্গে ভিডিও তৈরির সময় এই হামলার শিকার হন। তারা সবাই একটি চ্যালেঞ্জের অংশ হিসেবে ফুড ডেলিভারি কর্মীর পোশাক পরেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুইজন ব্যক্তি তাদের পাশে এসে থামেন এবং চালক সরাসরি গ্যাস্টেলুমকে লক্ষ্য করে গুলি ছুড়েন। স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ঘটনার পর প্ল্যাটফর্ম থেকে লাইভস্ট্রিমিংটি সরিয়ে নেওয়া হলেও হামলার ভিডিও ও স্থিরচিত্র অনলাইনে ছড়িয়ে পড়েছে। শুরুতে পুলিশ নিহতের পরিচয় একজন ডেলিভারি কর্মী হিসেবে উল্লেখ করলেও পরবর্তীতে ২৫ বছর বয়সী গ্যাস্টেলুম হিসেবে শনাক্ত করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস্টেলুমের এই হত্যাকাণ্ডের পেছনে অপরাধী চক্রের বিরুদ্ধে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো প্রধান কারণ হতে পারে। মেক্সিকোর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট জানিয়েছে, তদন্তের একটি বড় অংশ জুড়ে রয়েছে গ্যাস্টেলুমের বিভিন্ন পোস্ট, যার কয়েকটিতে একটি অপরাধী গোষ্ঠীর নাম উল্লেখ ছিল।
ঘটনার পর ওই এলাকায় পুলিশ ও সেনা মোতায়েন করা হয় এবং ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেন। গত দুই বছর ধরে সিনালোয়ার এই এলাকাটি স্থানীয় কার্টেলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অস্থিতিশীল হয়ে উঠেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে সিনালোয়াতে প্রায় এক ডজন ইনফ্লুয়েন্সার নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অপরাধী গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল।
এর আগে গত বছর ভ্যালেরিয়া মার্কেজ নামের আরেক টিকটক ইনফ্লুয়েন্সারকে লাইভস্ট্রিমিংয়ের সময় বিউটি সেলুনে গুলি করে হত্যা করা হয়েছিল। চলতি বছরের জুলাই মাসে মার্কেজ হত্যা এবং নভেম্বর ২০২৫-এ উরুয়াপানের মেয়র কার্লোস মানজো হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যামন অ্যাঞ্জেল আলভারেজ আয়ালাকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। এছাড়া জানুয়ারি ২০২৫-এ সিনালোয়া কার্টেলের বিরুদ্ধে কথা বলায় প্রায় ২০ জন ইউটিউবার ও শিল্পীকে হুমকি দিয়ে লিফলেট ফেলার ঘটনাও ঘটেছিল। ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশেও ইনফ্লুয়েন্সারদের লক্ষ্যবস্তু করার ঘটনা বাড়ছে, যার মধ্যে ভেনেজুয়েলার একটি ঘটনাও উল্লেখযোগ্য।



























