তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জর্ডানের রাজধানী আম্মানে দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোশ্যাল (NSosyal)-এর একটি পোস্টের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে বুধবার হাকান ফিদান জর্ডানে আয়োজিত অধিকৃত পূর্ব জেরুজালেম বিষয়ক এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে তিনি ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের নিন্দা জানান। ফিদান জানান, প্রায় ২০টি ইসলামি দেশ আল-আকসা মসজিদে ইসরায়েলের সাম্প্রতিক লঙ্ঘনের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছে।
আঞ্চলিক সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরকে ফিলিস্তিনি ভূখণ্ডের ঘটনাপ্রবাহ থেকে সরিয়ে না নেয়, সে বিষয়েও তিনি জোর দিয়েছেন। পরবর্তীতে আনাদোলু এজেন্সির প্রশ্নের জবাবে হাকান ফিদান জানান, ওই সম্মেলনে অংশগ্রহণকারীরা মূলত আল-আকসা মসজিদকে লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপগুলোর ওপরই বেশি গুরুত্বারোপ করেছেন।




























