ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে ১৭ জনেরও বেশি মানুষকে আহত করার ঘটনায় অভিযুক্ত একটি বন্য বানরকে শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জেপিএনএন-এর তথ্য অনুযায়ী, ইন্দ্রগিরি হিলির রিজেন্সির তেম্বিলান শহরে পুলিশ, সেনাবাহিনী, দমকল বাহিনী এবং বন্যপ্রাণী কর্মকর্তাদের একটি যৌথ অভিযানের মাধ্যমে বানরটিকে ধরা হয়।
ইন্দ্রগিরি হিলির পুলিশ প্রধান ডনি একো লিস্টিয়ান্টো জানিয়েছেন, রিয়াউ ন্যাচারাল রিসোর্সেস কনজারভেশন এজেন্সি এলাকাটিতে তিনটি ফাঁদ পেতেছিল, যার একটিতে বানরটি ধরা পড়ে। ২৫ জুলাই থেকে শুরু হওয়া এই ধারাবাহিক আক্রমণের জন্য এই ম্যাকাক বানরটিকেই দায়ী করা হচ্ছিল। দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৭ জন শিশু ও বয়স্ক ব্যক্তি এই বানরের আক্রমণের শিকার হয়েছেন।
আক্রমণগুলো রাস্তা, বাড়ির আঙিনা এবং অনেক ক্ষেত্রে ঘরের ভেতরেও ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনকে সেলাই পর্যন্ত নিতে হয়েছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তেম্বিলান জেলার স্কুলগুলোতে নিরাপত্তার খাতিরে বুধবার থেকে তিন দিনের জন্য সশরীরে পাঠদান বন্ধ রেখে দূরশিক্ষণ বা অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত বানরটির আকার, আক্রমণাত্মক আচরণ এবং তার মুখে থাকা ক্ষতচিহ্নসহ বিভিন্ন বৈশিষ্ট্য ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া বর্ণনার সাথে হুবহু মিলে গেছে।





























