জামায়াতে ইসলামী আয়োজিত একটি স্থিরচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা হলেও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি বা তাঁর স্বাধীনতার ঘোষণার উল্লেখ না থাকায় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, কেবল স্বৈরাচার ও অত্যাচারী শাসকদের ইতিহাস তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছিল এবং জিয়াউর রহমান স্বৈরাচারী ছিলেন না বলেই তাঁর ছবি রাখা হয়নি।
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ৫ আগস্ট থেকে শুরু হওয়া ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক এই চিত্র প্রদর্শনীটি গত শনিবার শেষ হয়েছে। ১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পর্যন্ত দেশের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়কে ছয়টি আলাদা ভাগে এই প্রদর্শনীতে তুলে ধরা হয়।
প্রদর্শনীর প্রথম অংশ ‘আজাদী, অতঃপর স্বপ্নভঙ্গ’ (১৯৪৭-১৯৭০)-এ আইয়ুব খান ও ইয়াহিয়া খানকে একনায়ক হিসেবে দেখানো হয়েছে। দ্বিতীয় অংশ ‘মুক্তিযুদ্ধ’-এর শুরুতেই রাখা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। এই অংশে পাকিস্তানি হানাদারদের আক্রমণ ও বাঙালির বিজয় অর্জনের চিত্র রয়েছে। তৃতীয় অংশ ‘একনায়কতন্ত্র’-এ শেখ মুজিবুর রহমানকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর দেশে ফেরা, রক্ষীবাহিনীর তাণ্ডব, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, বাকশাল প্রতিষ্ঠা এবং তাঁর নিহতের খবরের পাশাপাশি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি বিপ্লব সফল হওয়ার ছবি এখানে স্থান পেয়েছে।
চতুর্থ অংশ ‘সামরিক স্বৈরশাসন’-এ হুসেইন মুহম্মদ এরশাদকে স্বৈরাচার হিসেবে দেখিয়ে খালেদা জিয়া ও জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আন্দোলনের ছবি রাখা হয়েছে। পঞ্চম অংশ ‘ফ্যাসিবাদ’-এ ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন ঘটনাপ্রবাহ দেখানো হয়েছে। শেষ অংশ ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এ শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ওয়াসিম আকরাম এবং আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ছবির পাশাপাশি আন্দোলনের নানা চিত্র স্থান পেয়েছে।
প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ইতিবাচক ও নেতিবাচক উভয় ভূমিকাই ছবির মাধ্যমে তুলে ধরা হলেও জিয়াউর রহমানের কোনো ছবি না থাকায় বিতর্ক তৈরি হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, কেউ কেউ প্রশ্ন তুলেছেন শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ থাকলে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা কেন নেই। তিনি আরও বলেন, জিয়াউর রহমান তো অটোক্র্যাট শাসক ছিলেন না, তাই ওনার ছবি আনা হয়নি। ইতিহাসে যাদের কল্যাণকর অবদান আছে, তাঁদের প্রতি জামায়াত শ্রদ্ধাশীল এবং এই আয়োজন কোনো সরকারের সফলতা দেখানোর জন্য নয়, বরং স্বৈরাচারদের চিত্র তুলে ধরার জন্য করা হয়েছে বলে তিনি জানান।
তবে জামায়াত আমিরের এই ব্যাখ্যার পরও প্রশ্ন রয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রদর্শনীর তীব্র সমালোচনা করে বলেন, জামায়াত আমিরের সরকারি বাসভবনে আয়োজিত প্রদর্শনীতে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধের ছবি থাকলেও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কোনো ছবি বা পোস্টার না রাখাটা অত্যন্ত রহস্যজনক ও দুঃখজনক।
এতে শেখ মুজিবুর রহমানের দেশে ফেরা, তাঁর পারিবারিক ভোজ, ১৯৭২ সালে ভারতীয় বাহিনীর বিদায়ী প্যারেডে শেষ মুজিবের অংশগ্রহণ, ১৯৭৪ সালে রক্ষীবাহিনীর তাণ্ডব, একই বছরের দুর্ভিক্ষ, ১৯৭৫ সালে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা, শেখ মুজিবুর রহমানের নিহতের খবর এবং জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি বিপ্লব সফল হওয়ার চিত্র দেখানো হয়েছে।.চতুর্থ অংশের নাম দেওয়া হয়েছে ‘সামরিক স্বৈরশাসন’।
কেউ কেউ বলছেন, জামায়াত প্রদর্শনীতে স্বাধীনতার আগে ও পরে শেখ মুজিবুর রহমানের ‘ইতিবাচক ও নেতিবাচক’—দুই ধরনের ভূমিকাই তুলে ধরেছে।যেমন শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ছবির ওপরে জামায়াত লিখেছে, ‘৭ মার্চ ১৯৭১; রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দিচ্ছেন শেখ মুজিবুর রহমান’।





























