রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একে অপরের ওপর রাতভর তীব্র হামলা চালানোর অভিযোগ করেছে। এসব ঘটনায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং উভয় দেশের সীমান্তে মোট ৩১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ইউক্রেনের খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, সেখানে একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। একই সময়ে উপকূলীয় ওদেসা অঞ্চলে রাশিয়ার হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। ওদেসা সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সেরহি লিসাক জানিয়েছেন, এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনীর দাবি অনুযায়ী, রাশিয়া ওদেসা অঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং রাতভর অন্তত ২০২টি ড্রোন মোতায়েন করেছে। এর মধ্যে ১৭৪টি ড্রোন ইউক্রেনের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় আকাশসীমায় ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে তারা দাবি করেছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের ১৫৩টি ফিক্সড-উইং ড্রোন আকাশেই ধ্বংস করেছে। এসব ড্রোন রাশিয়া, অধিকৃত ক্রিমিয়া এবং আজভ ও কৃষ্ণসাগরের ওপর দিয়ে আসছিল।
রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ টেলিগ্রামে জানান, সেখানে রাতভর হামলায় দুই শিশুসহ মোট ১৩ জন আহত হয়েছেন। ড্রোন বিস্ফোরণে অন্তত চারটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি ও একটি ব্যক্তিগত বাড়িতে আগুন লেগেছে। তবে চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এই দাবিগুলো নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।































