আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার সন্ধ্যায় ইতালিয়ান সেরি আ-তে মাঠে নামছে নাপোলি। মৌসুমের শুরুটা ভালো না হওয়ায় লিগ টেবিলে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে থাকা নাপোলি এখন জয়ের জন্য মরিয়া। লিগ শীর্ষ দলগুলোর চেয়ে তারা বর্তমানে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে এবং চ্যাম্পিয়ন্স লিগের জায়গা থেকে ৯ পয়েন্ট দূরে অবস্থান করছে। বিরতির আগে শেষ চার লিগ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা; এর মধ্যে রোমা ও লাজিওর সাথে ড্র এবং জুভেন্টাসের কাছে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
অন্যদিকে, তোরিনো অক্টোবর মাসে টানা তিন ম্যাচে জয় পেলেও পরবর্তী তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। কোচ ইগনাসিও আবাতে দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বর্তমানে নাপোলির চেয়ে মাত্র এক পয়েন্ট ও এক ধাপ পিছিয়ে থাকা তোরিনো এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
নাপোলির জন্য দুঃসংবাদ হলো, পিঠের হাড়ের চোটে গোলরক্ষক অ্যালেক্স মেরেট বছরের বাকি সময় মাঠের বাইরে থাকবেন। ফলে তার সাবেক ক্লাব তোরিনোর বিপক্ষে ভানজা মিলিনকোভিচ-সাভিচ গোলপোস্টের নিচে দাঁড়াতে পারেন। স্কাই স্পোর্ট ইতালিয়ার প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে দল ছাড়ার গুঞ্জন থাকা কেভিন ডি ব্রুইন এই ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। তার পরিবর্তে স্কট ম্যাকটমিনে, বিলি গিলমোর এবং আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা মিডফিল্ডে দায়িত্ব সামলাতে পারেন। নাপোলি ৩-৫-২ ফরমেশনে খেলতে পারে, যেখানে আন্তোনিও ভারগারা ও রাসমুস হয়লুন্দ আক্রমণভাগে থাকতে পারেন।
নাপোলির সম্ভাব্য একাদশ: মিলিনকোভিচ-সাভিচ; বিউকেমা, রহমানি, মারিন; পোলিতানো, অ্যাঙ্গুইসা, গিলমোর, ম্যাকটমিনে, স্পিনাজ্জোলা; ভারগারা, হয়লুন্দ।
তোরিনোর সম্ভাব্য একাদশ: পেরি; কোকো, ইসমাইলি, কোমুজ্জো; বেলঘালি, কাসাদেই, মান্দ্রাগোরা, ব্রাগাঙ্কা, কাচ্চামানি; অ্যাডামস, সিমিওনে।























