রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বাডাস) এবং ডায়াবেটিস ইন এশিয়া স্টাডি গ্রুপ (ডিএএসজি)-এর যৌথ আয়োজনে দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনকে ঘিরে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং সংগঠকদের মিলনমেলা তৈরি হয়।
সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম শুরু হয় শুক্রবার ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ডায়াবেটিস কমপ্যাক্টের মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ’ শীর্ষক সেশনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাডাস সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি প্রফেসর পিটার শোয়ার্জ, ডিএএসজির সভাপতি প্রফেসর আব্দুল বাসিত, সাধারণ সম্পাদক প্রফেসর বিশ্বজিৎ ভৌমিক, ডা. অমিত কুমার রায়, ডা. বানশি সাবু, ডা. অমিত গুপ্ত, ডা. মনোজ চাওলা, প্রফেসর নিহাল জ্যাকব থমাস, ডা. দিনেশ আগারওয়াল, প্রফেসর শাবিন নাজ মাসুদ এবং প্রফেসর ফারুক পাঠানসহ আরও অনেকে।
বাডাস প্রতি বছরই ডায়াবেটিস প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মান উন্নয়ন ও তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে থাকে। তবে এবারই প্রথমবারের মতো বাডাসের সঙ্গে যৌথভাবে ডিএএসজি যুক্ত হয়েছে।
ডিএএসজির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর বিশ্বজিৎ ভৌমিক জানান, সারা দেশের বাডাসের অ্যাফিলিয়েটেড সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তিনি উল্লেখ করেন যে, বাডাস সদস্যদের মধ্যে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। এছাড়া দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের গবেষণা, বিশ্লেষণ এবং পরামর্শ ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।


























