কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য এবং সাবেক কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (৯ আগস্ট) সকালে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ বা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।
দীর্ঘদিন ধরে কক্সবাজারের রাজনীতিতে পরিচিত মুখ এটিএম নুরুল বশর চৌধুরী। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সহনশীল, মানবিক এবং সর্বমহলে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মহেশখালী, কুতুবদিয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। তার আশু রোগমুক্তি কামনায় মসজিদ, মন্দির, দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।




























