বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি নোটিশের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
ফেসবুক পোস্টে দেওয়া ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আমলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এনটিআরসিএ-এর কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও গতিশীল করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ক্ষমতা হস্তান্তরের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও নোটিশে জানানো হয়।
সূত্র: যুগান্তর






























